বেগমগঞ্জে কভার্ডভ্যান- সিএনজি অটো রিকসা মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থী নিহত আহত-৪
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সিএনজি অটোরিকসা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চন্দ্রগঞ্জ আলিয়া মাদ্রাসার ছাত্র আলিম পরীক্ষার্থী মাঈন উদ্দিন (১৯)ঘটনাস্থলেই নিহত ও অপর চার পরীক্ষার্থী রইচ উদ্দিন, মোঃ ফয়সাল, মোঃ আশেক, জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার আড়াইটার দিকে লক্ষ্মীপুর- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিনবাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছাত্র মাইন উদ্দিন লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিপুর গ্রামের নুর মিয়া মুন্সী বাড়ির আব্দুল আউয়ালের পুত্র এবং কোরআনের হাফেজ ছিলেন বলে জানাগেছে।
জানা যায়, বেগমগঞ্জ পরীক্ষা কেন্দ্র থেকে আলিম পরীক্ষা দিয়ে নিহত ও আহত ছাত্ররা একটি সিএনজি অটো রিকসায় করে চন্দ্রগঞ্জের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি আমিনবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান দিয়ে অটোরিকসাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে মাঈন উদ্দিন ঘটনাস্থলেই নিহত ও অপর ৪ পরীক্ষার্থী ছাত্র গুরুতর আহত হয়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন। দূর্ঘটনার সংবাদ পেয়ে মাদ্রাসার ছাত্ররা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ক্ষুদ্ধ ছাত্র ও এলাকাবাসী নোয়াখালী- লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। বিকাল ৬টা পর্যন্ত চলে সড়ক অবরোধ। এতে এ গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের অবরোধ প্রত্যাহারে রাজি করেন। পুলিশ ঘাতক কভার্ডভ্যান জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে।