লক্ষ্মীপুরে সাংবাদিক কন্যা প্রভার ‘গোল্ডেন এ প্লাস’—আনন্দে আবেগাপ্লুত পরিবার
ষ্টাফ রিপোর্টার।
একজন সন্তানের সাফল্য শুধু একটি ফলাফল নয়—এটি বাবা-মায়ের দীর্ঘদিনের স্বপ্ন, ত্যাগ, ভালোবাসা ও অপেক্ষার এক অনন্য প্রতিফলন। সেই স্বপ্ন পূরণের আনন্দে আজ আবেগাপ্লুত লক্ষ্মীপুরের সাংবাদিক ও কলামিস্ট ও চন্দ্রগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম আওলাদ হোসেনের পরিবার।
তার একমাত্র কন্যা আসমিতা আরজুম প্রভা এসএসসি/সমমান পরীক্ষায় ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে।
প্রভা লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনাগর মদীনাতুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে এ সাফল্য অর্জন করে।
প্রভার এই অসাধারণ ফলাফলে মা-বাবা, ভাই, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে আনন্দের আবহ। দীর্ঘদিনের পরিশ্রম, নিয়মিত অধ্যবসায় এবং প্রিয়জনদের অনুপ্রেরণার ফল হিসেবে প্রভার এই সাফল্যকে দেখছেন পরিবারের সদস্যরা।
সাংবাদিক এস এম আওলাদ হোসেন ও শিক্ষিকা মিসেস নাসিমা আক্তার দম্পতির দুই সন্তানের মধ্যে প্রভা ছোট। তার এই সাফল্যে গর্বিত বাবা-মা কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রভা জানায়, মা-বাবা ও ভাইয়ের অনুপ্রেরণা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিজের অধ্যবসায়ই তাকে এই সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। এ জন্য সে তার মা-বাবা, ভাই, শিক্ষক-শিক্ষিকা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
প্রভা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে জীবনে ভালো কিছু করার স্বপ্ন দেখে। তার সেই স্বপ্ন পূরণের পথে সবার ভালোবাসা, আশীর্বাদ ও দোয়া কামনা করেছে সে।
একটি ‘গোল্ডেন এ প্লাস’ আজ শুধু প্রভার অর্জন নয়—এটি তার বাবা-মায়ের স্বপ্ন, শিক্ষকদের শ্রম এবং প্রভার নিরলস অধ্যবসায়ের এক সুন্দর সাফল্যগাথা।