[video width="848" height="480" mp4="https://amardeshjanata.com/wp-content/uploads/2026/06/VID-20260621-WA0087.mp4"][/video]লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দীঘলী ইউনিয়নের জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও সাবেক ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি প্রবাসী রিয়াজ তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে আসছে। এসব অপপ্রচারের কারণে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
রিয়াজ বলেন, “আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। অতীতে দীঘলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে দীঘলী ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতির দায়িত্বে রয়েছি। সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, মিথ্যা তথ্য প্রচার করে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড শুধু তাঁর ব্যক্তিগত সম্মানহানিই নয়, তাঁর পরিবারের সদস্যদেরও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
প্রবাসী রিয়াজ অবিলম্বে এসব অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি সকলকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানান। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।